১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

হজে গিয়ে এখন পর্যন্ত ৪১ বাংলাদেশির ইন্তেকাল প্রতীকী ছবি

সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে আরও দুই বাংলাদেশি হাজির ইন্তেকাল করেছেন। রোববার (৩১ মে) তারা ইন্তেকাল করেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত মোট ৪১ জন বাংলাদেশি হাজি ইন্তেকাল করেছেন।

সর্বশেষ ইন্তেকাল করা দুই হাজি হলেন মো. আবদুল মজিদ এবং মো. শাহজাহান আলী। এর মধ্যে আবদুল মজিদের বাড়ি নওগাঁ; তিনি মদিনায় ইন্তেকাল করেন। শাহজাহান আলীর বাড়ি ঢাকার খিলগাঁও; তিনি মক্কায় ইন্তেকাল করেন।

তথ্য অনুযায়ী, ইন্তেকাল করা হাজিদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৪ জন নারী। এর মধ্যে ৩০ জন মক্কায় এবং ১১ জন মদিনায় ইন্তেকাল করেছেন।

এ বছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের জন্য সৌদি আরবে যান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যান ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যান ৭৩ হাজার ৯৩৫ জন।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজ শেষে এখন পর্যন্ত ১১ হাজার ৬১৩ জন হাজি দেশে ফিরেছেন। ফিরতি হজ ফ্লাইট ৩০ মে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।

উল্লেখ্য, চলতি বছর হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। প্রথম হজ ফ্লাইট শুরু হয়েছিল ১৮ এপ্রিল এবং শেষ হয় ২১ মে।

Home R3