২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

স্ত্রীর করা মামলায় জামিনে মুক্তি পেয়েই সড়কে প্রাণ গেলো প্রবাসীর

স্ত্রীর দায়ের করা মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সৌদি প্রবাসী শফিকুল ইসলাম (৪১)। তিনি বরিশালের গৌরনদী উপজেলার চর দিয়াশুর গ্রামের বাসিন্দা এবং হাচেন বেপারির ছেলে।

সোমবার (২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুন হাট কদমতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

আদালত সূত্র জানায়, ২০২১ সালে দায়ের করা একটি পারিবারিক মামলায় সকালে গৌরনদী থানা পুলিশ শফিকুল ইসলামকে বরিশাল মহানগর দায়রা জজ আদালতে হাজির করে। আদালত তাকে জামিন দিলে তিনি কোর্ট গারদ থেকে বের হয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন। তবে বাড়ি পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। দীর্ঘদিন সৌদি আরবে অবস্থানের পর গত ২৮ ফেব্রুয়ারি তিনি দেশে ফেরেন।

গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ওসি মো. শামিম শেখ জানান, একটি ওষুধবাহী পিকআপ ভ্যান ও যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন এবং অন্তত তিনজন আহত হন। নিহতদের মধ্যে শফিকুল ইসলামের পাশাপাশি তার প্রতিবেশী মজিবুর ফরাজীর স্ত্রী রিজিয়া পারভিন (৫৪) রয়েছেন।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।

বাবুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিডার আব্দুল মালেক জানান, আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ গৌরনদী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।