ঘনিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। তবে ঈদ কবে উদযাপিত হবে তা নিয়ে বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে শুরু হয়েছে অধীর প্রতীক্ষা।
এক পূর্বাভাসে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ আরব বিশ্বের কিছু দেশে আগামী ২০ মার্চ (শুক্রবার) ঈদ উদযাপনের সম্ভাবনার কথা জানিয়েছে তাদের নিজ নিজ শীর্ষস্থানীয় জ্যোতির্বিদ্যা কেন্দ্র।
আগামীকাল বুধবার (১৮ মার্চ) রমজানের সমাপ্তি ও ঈদের দিন চূড়ান্তভাবে নির্ধারণের লক্ষ্যে বৈঠকে বসবে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় চাঁদ দেখা কমিটি। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে হিজরি শাওয়াল মাসের শুরু এবং উৎসবের দিন ঈদুল ফিতরের তারিখ।
যদি বুধবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তবে ১৯ মার্চ (বৃহস্পতিবার) হবে ঈদুল ফিতর। কিন্তু চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২০ মার্চ (শুক্রবার) আরব বিশ্বে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, প্রতিটি মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে, যা মূলত চাঁদের অবস্থার ওপর নির্ভর করে।
এ বছর রমজান মাস ৩০ দিনে হওয়ার সম্ভাবনা বেশি বলে আভাস দিয়েছেন এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান। তিনি বলেন, আরব দেশগুলোতে বুধবার সন্ধ্যায় চাঁদের দেখা পাওয়ার সম্ভাবনা নেই। তাই ২০ মার্চ শুক্রবারই ঈদুল ফিতর এবং শাওয়াল মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা বেশি।
ওমানে আগামী শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে ধারণা দিয়েছেন দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা। সাম্প্রতিক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে ওমান স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি।
এদিকে, সৌদি আরবে মুসলমানদের আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এর মাধ্যমে পবিত্র রমজান মাসের সমাপ্তি নির্ধারণ করা হবে।
সোমবার (১৬ মার্চ) জারি করা এক সরকারি বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়। এতে বলা হয়, উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী বুধবার ১৪৪৭ হিজরি সালের রমজান মাসের ২৯তম দিন।
যদি বুধবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যায়, তবে পরদিনই ঈদুল ফিতর উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে।