১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখার আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিলেট বিভাগের উন্নয়ন, প্রবাসী সিলেটবাসীর ঐক্য সুদৃঢ় করা, ন্যায্য অধিকার আদায় এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে “আলোচনা ও পরিচিতি সভা” করেছে সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখা।

রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় লিসবনের একটি অভিজাত রেষ্টুরেন্টে এই আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে পর্তুগালে বসবাসরত সিলেট বিভাগের বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী এবং সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা সিলেট বিভাগের সার্বিক উন্নয়ন, প্রবাসী সিলেটবাসীর বিভিন্ন সমস্যা ও অধিকার, সিলেটের প্রতি প্রবাসীদের দায়িত্ব এবং পারস্পরিক ঐক্যের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে সিলেট বিভাগ গণদাবি পরিষদ, পর্তুগাল শাখার বর্তমান কার্যক্রম, সাংগঠনিক অবস্থান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়।

বক্তারা বলেন, সিলেটের উন্নয়ন ও প্রবাসী সিলেটবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় দল-মত ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রবাসে বসবাসরত সিলেটবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সিলেটের মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সভায় বক্তব্য প্রদান করেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ, পর্তুগাল শাখার সভাপতি হারুন অর রশিদ, সহ-সভাপতি এ.এইচ.এম. নুরুল হুদা (নাহাজ), সহ-সভাপতি রিপন মিয়া (রুহেল), সহ-সভাপতি মোহাম্মদ আমিরুল হক, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দিলদার মিয়া, সাধারণ সম্পাদক সানি আহমেদ সুমন, শ্রম ও পেশাজীবী সম্পাদক শেখ আলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন এবং তথ্য ও প্রচার সম্পাদক আলমগীর হাসান ফারুকীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারণ, প্রবাসী সিলেটবাসীর মধ্যে যোগাযোগ ও ঐক্য বৃদ্ধি এবং সিলেট বিভাগের উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে সিলেট বিভাগ গণদাবি পরিষদ, পর্তুগাল শাখার পক্ষ থেকে সিলেট বিভাগের স্বার্থ, প্রবাসী সিলেটবাসীর অধিকার এবং জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

Home R3