সিঙ্গাপুরের ইসলামিক স্কুলগুলোতে আবারও প্রাণ ফিরে পেয়েছে ক্রীড়া অঙ্গন। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে মাঠে ফিরছে শিক্ষার্থীদের হাসি, উদ্দীপনা আর প্রতিযোগিতার স্পিরিট। খেলাধুলার মাধ্যমে শুধু শারীরিক সক্ষমতাই নয়, বরং দলগত মনোভাব, নেতৃত্বগুণ এবং আত্মবিশ্বাস গড়ে তুলতে নতুন করে জোর দিচ্ছে কর্তৃপক্ষ। এই নবউদ্যম শিক্ষার্থীদের শিক্ষা জীবনে যোগ করছে এক ভিন্নমাত্রা, যেখানে পড়াশোনার পাশাপাশি ক্রীড়াও হয়ে উঠছে সমান গুরুত্বপূর্ণ।
গত বৃহস্পতিবার (০২ এপ্রিল) উডল্যান্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘২০২৬ ইসলামিক স্কুল ক্রীড়া টুর্নামেন্ট’-এর জমকালো সমাপনী অনুষ্ঠান ও ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এ আয়োজনের সফল পরিসমাপ্তি ঘটে।
এতে অংশ নেয় দুই হাজার পাঁচ’শ-এরও বেশি শিক্ষার্থী, যা পুরো অনুষ্ঠানকে রূপ দেয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিমন্ত্রী রাহাউ মাজামসহ বিভিন্ন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। তাদের উপস্থিতি এই উদ্যোগের প্রতি রাষ্ট্রীয় সমর্থন ও গুরুত্বের বিষয়টিকে স্পষ্টভাবে তুলে ধরে।
এই ক্রীড়া টুর্নামেন্টে সিঙ্গাপুরের ছয়টি স্বনামধন্য ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে-জুনায়েদ ইসলামিক স্কুল, মাআরিফ ইসলামিক স্কুল, সাক্কাফ আরবি স্কুল, ইরশাদ জুহরি ইসলামিক স্কুল, আরবি ইসলামিক স্কুল এবং ওয়াক টাঙ্গেরাহ ইসলামিক স্কুল। অংশগ্রহণকারী এসব প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত এই আয়োজন।
সপ্তাহব্যাপী নানা ক্রীড়া প্রতিযোগিতার পর এই চূড়ান্ত পর্বটি অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়সহ সকল স্তরের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বিভিন্ন খেলাধুলা ও দৌড় প্রতিযোগিতায় নিজ নিজ বিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে শিক্ষার্থীরা তাদের শৃঙ্খলা, নিষ্ঠা এবং সাংগঠনিক দক্ষতার পরিচয় দেয়।
প্রতিযোগিতার মধ্যে ছিল ফুটসাল, ব্যাডমিন্টন, নেটবল, তীরন্দাজি এবং ট্র্যাক অ্যান্ড ফিল্ডের মতো বৈচিত্র্যময় ইভেন্ট।
উল্লেখ্য, ২০১৯ সালের পর এই প্রথমবারের মতো এমন বৃহৎ পরিসরে এই ক্রীড়া টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এটি সিঙ্গাপুরের ইসলামিক স্কুলগুলোর মধ্যে এমন কার্যক্রমের প্রতি ক্রমবর্ধমান আগ্রহের প্রতিফলন, যেখানে প্রাতিষ্ঠানিক পরিচয়ের পাশাপাশি শিক্ষাগত, নৈতিক ও সামাজিক মূল্যবোধের সমন্বয় ঘটানো হচ্ছে।
সূত্র : ইসলামিক সুপ্রিম কাউন্সিল অফ সিঙ্গাপুর