সারাদেশে অস্ত্রধারী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযানে নামার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে চেইন অফ কমান্ড মেনে চলার পরামর্শ দেন তিনি।
ফ্যাসিবাদ আমলে পুলিশ বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিলো অভিযোগ করে মন্ত্রী বলেন, আর কেউ পুলিশ বাহিনীকে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (৪ মার্চ) সকালে প্রথমবারের মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর পরিদর্শনে আসেন সালাউদ্দিন আহমদ। সেখানে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়।
পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনী সংকল্পবদ্ধ আছে। সারাদেশের অস্ত্রধারী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের তালিকা তৈরি করে শিগগিরই অভিযানে নামার কথাও জানান তিনি।
রাজধানী ঢাকার যানজট নিরসনে সরকার কাজ শুরু করেছে। মূল সড়ক থেকে ধাপে ধাপে অটোরিকশা সরিয়ে দেওয়া হবে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।