২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সাড়ে ৩০০ কোটি টাকার মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

নিজেদের আকাশসীমায় আমেরিকার একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে ইরান। একটি এমকিউ-৯ ড্রোনের দাম ৩০ মিলিয়ন ডলারের বেশি। যা বাংলাদেশি অর্থে সাড়ে ৩০০ কোটি টাকার বেশি।

বুধবার (১০ জুন) দুই দেশের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এরমধ্যেই তেহরান মার্কিনিদের ড্রোন ভূপাতিত করেছে।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বুশেহেরের জামে ড্রোনটি টার্গেট করা হয়। ড্রোনটি ভূপাতিত করতে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয় বলেও জানিয়েছে ইরানের সেনাবাহিনীর চৌকস এ ইউনিট।

এমকিউ-৯ ড্রোন দীর্ঘসময় আকাশে উড়তে পারে। এটির নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রয়েছে। আমেরিকার এই ড্রোন নজরদারি এবং নির্ভুল হামলায় ব্যবহার করে থাকে।

গত সোমবার হরমুজ প্রণালির কাছে আমেরিকার একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হেলিকপ্টারটি ভূপাতিত করেছে ইরান। এরপর তিনি এর জবাব দেওয়ার হুমকি দেন। তার হুমকির কয়েক ঘণ্টা পর মার্কিন সেনারা ইরানের উপকূলীয় অঞ্চলগুলোতে ব্যাপক হামলা চালায়।

এর জবাব দিতে ইরান বাহরাইন, কুয়েত এবং জর্ডানে আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও মিসাইল ছুড়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তাদের হামলা বন্ধের ঘোষণা দিয়েছে। অপরদিকে ইরানের বিপ্লবী গার্ডও একই ঘোষণা দিয়েছে। তবে তারা সতর্কতা দিয়েছে, মার্কিনিরা যদি আবারও আগ্রাসন চালায় তাহলে আগের চেয়ে কঠোর জবাব দেওয়া হবে।

Home R3