৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সংসদ ভবনে প্রবেশের সময় জঙ্গি বলে তিরস্কার; বিচার চাইলের এমপি হানজালা

জাতীয় সংসদ ভবনে প্রবেশের সময় নিজেকে ‘জঙ্গি’ বলে সম্বোধন করার ঘটনায় সঠিক তদন্তের দাবি জানিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

হানজালা বলেন, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে গত ৩০ মার্চ দুঃখের সাথে বলতে হচ্ছে আপনার সহধর্মিনীর জানাজায় আমি এসেছিলাম, দক্ষিণ প্লাজা থেকে যখন আমি ঢুকব, তখন পিছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করছে ‘ ঐযে জঙ্গি এমপি যাচ্ছে’। আমি এটা কিছু মনে করতাম না কিন্তু একটু পর সোশ্যাল মিডিয়ায় খুব লেখালেখি ও এই ভিডিও টা নিয়ে খুব আলোচনা চলছে। 

তিনি বলেন, জাতীয় সংসদের একজন চলমান এমপিকে সংসদের কাছেই এভাবে অপমান করা হয়েছে, যা সংসদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বলে আমি মনে করি।

এ ধরনের সম্বোধনের কারণ হিসেবে তিনি ধারণা করেন, তার মাথায় পাগড়ি এবং সাদা পাঞ্জাবি পরিধানের কারণে তাকে এভাবে বলা হয়ে থাকতে পারে। 

তিনি জোর দিয়ে বলেন,  আমি মনে করি আল্লাহর নবীর পোশাক কখনো জঙ্গির এসেম্বল হতে পারে না।

সংসদ সদস্য স্পিকারের কাছে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, এ ঘটনা বিরোধী দল বা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেও ঘটানো হয়ে থাকতে পারে।