১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সংবিধান মেনেই এগিয়ে যাবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান মেনেই সরকার গঠনসহ সব কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও একই পথে এগিয়ে যাবে সরকার।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ কেউ আলাদা শপথ নেওয়ার কথা বলছে, তবে এসব বক্তব্য গায়ের জোরে বলা হচ্ছে। তিনি বলেন, “আমরা সংবিধান মেনেই এখানে এসেছি, এখনো সংবিধান মানছি এবং সংবিধান মেনেই সামনে এগিয়ে যাবো।”

তিনি আরও বলেন, জুলাই সনদকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অস্বীকার করে না। তবে এতে যে বিষয়গুলোতে রাজনৈতিক সমঝোতা রয়েছে, সেগুলোই বাস্তবায়ন করা হবে। জোরপূর্বক কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ জানান, সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি সংসদ অধিবেশনে সিদ্ধান্ত হবে। পাশাপাশি সংসদের প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করা হবে।