১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি: স্পিকার হাফিজ উদ্দিন

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা নিয়ে চলমান বিতর্কের মধ্যে নতুন করে বক্তব্য দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি দাবি করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি।

শনিবার (১১ জুলাই) ঢাকার মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে ‘দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের অভ্যুদয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

স্পিকার বলেন, ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর অভিযান শুরুর আগে তৎকালীন আওয়ামী লীগ নেতা তাজউদ্দিন আহমেদের অনুরোধ সত্ত্বেও শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি। তার ভাষায়, শেখ মুজিব বিচ্ছিন্নতাবাদী হতে চাননি এবং পাকিস্তান ভাঙার দায় নিজের ওপর নিতে অনিচ্ছুক ছিলেন।

তিনি আরও বলেন, পাকিস্তানি বাহিনীর গণহত্যার প্রেক্ষাপটে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিরোধ গড়ে তোলে এবং পরবর্তীতে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, যা জনগণকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করে।

১৯৭০ সালের নির্বাচন প্রসঙ্গে স্পিকার উল্লেখ করেন, ছয় দফার ভিত্তিতে অনুষ্ঠিত ওই নির্বাচনে পূর্ব পাকিস্তানের বঞ্চনা ও বৈষম্যই ছিল প্রধান ইস্যু। তিনি বলেন, মুক্তিযুদ্ধ ছিল একটি দলীয় নয়, বরং সমগ্র জাতির অস্তিত্ব রক্ষার যুদ্ধ।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, পাকিস্তানি বাহিনী একটি জাতির বিরুদ্ধে যুদ্ধ করার ভুল সিদ্ধান্ত নিয়েছিল, যার ফলশ্রুতিতে তাদের পরাজয় ঘটে এবং প্রায় ৯০ হাজার সৈন্য আত্মসমর্পণ করে।

Home R3