১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়

শিক্ষার্থীরা যদি নকলের দিকে ঝুঁকে পড়ে তবে সেটি শিক্ষকদের দুর্বলতা: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীরা যদি নকলের দিকে ঝুঁকে পড়ে তবে সেটি শিক্ষকদের দুর্বলতা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীরা যদি নকলের দিকে ঝুঁকে পড়ে, তবে সেটি তাদের নয় বরং শিক্ষকদের দুর্বলতা।

সোমবার যশোর শিক্ষাবোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে খুলনা বিভাগের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সময়ের সঙ্গে নকলের ধরনও বদলেছে। এখন এটি ডিজিটাল রূপ নিয়েছে এবং নকলের নানা ‘ভেরিয়েন্ট’ দেখা যাচ্ছে। কেন শিক্ষার্থীরা নকল করতে চায়, তা খুঁজে বের করে সমাধানের পথে এগোতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থায় একাধিকবার নিবন্ধনের সুযোগ থাকা উচিত নয়। “এক মুরগি তিনবার জবাই করা যাবে না”—উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে এবং এক শ্রেণি থেকে আরেক শ্রেণিতে উত্তরণের ক্ষেত্রে নতুন করে ভর্তি প্রক্রিয়া পুনর্বিবেচনা করতে হবে।

শিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। এ কারণে সরকার শিক্ষাখাত ও সংশ্লিষ্টদের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে, বিশেষ করে শিক্ষকদের ভূমিকার ওপর জোর দেওয়া হচ্ছে।

নিজেকে নিয়ে সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের সমালোচনা বা ট্রলকে তিনি ইতিবাচকভাবে নেন এবং জবাবদিহিতার অংশ হিসেবে সংসদে প্রশ্নের মুখোমুখি হতে প্রস্তুত আছেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন আসনের সংসদ সদস্যরা। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন এবং মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া নুরুল হকসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।