৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শাপলা গণহত্যার মাস্টারমাইন্ডদের বিচারের আওতায় আনতে হবে: আখতার হোসেন ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন শাপলা গণহত্যার সঙ্গে জড়িত সকল মাস্টারমাইন্ডকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (৫ মে) দলের কার্যালয়ে ‘শাপলা গণহত্যা থেকে জুলাই’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন অভিযোগ করেন, শাপলা চত্বরে সংঘটিত ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছিল। তাদেরকে অমানবিকভাবে মারধর করা হয় এবং একটি বিশেষ শ্রেণিকে আলাদা করে দেখার মানসিকতা থেকেই এ ধরনের নির্যাতন ঘটেছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ওই ঘটনার শহিদের সংখ্যা প্রকাশ করার সাহস দেখিয়েছিল অধিকার নামের মানবাধিকার সংগঠনটি। কিন্তু পরবর্তীতে সংগঠনটির ওপর কঠোর দমন-পীড়ন চালানো হয় এবং এর শীর্ষ ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছিল।

জুলাই আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রসঙ্গে আখতার হোসেন বলেন, সাধারণ শিক্ষার্থীদের যেখানে কিছু স্বার্থ জড়িত ছিল, সেখানে মাদ্রাসা শিক্ষার্থীরা নিঃস্বার্থভাবে আন্দোলনে অংশ নেয়। তাদের লক্ষ্য ছিল দেশকে একটি ‘ফ্যাসিস্ট কাঠামো’ থেকে মুক্ত করা।

তিনি বলেন, এই অবদান আলাদাভাবে মূল্যায়ন করা প্রয়োজন।