উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে রোববার (১৫ মার্চ) সিঙ্গাপুরে নেওয়া হবে। এদিন বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়ার কথা রয়েছে।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল। তিনি জানান, চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে। এ সময় তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস ভাশন তার সঙ্গে যাবেন।
এর আগে শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তাকে হাসপাতালের নিউরো আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জানান, শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়েছে এবং রিপোর্ট ভালো এসেছে। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছেন।
গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়।
শুক্রবার বিকেলে প্রথম দফায় মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় এবং সন্ধ্যায় দ্বিতীয় দফা অস্ত্রোপচার শেষে তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর থেকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
মির্জা আব্বাসের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, সৈয়দ অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ ও অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন।
এদিকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দুপুরে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তাকে দেখে আসেন। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক নেতারাও হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।