রেকর্ড ভাঙা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়ছে পশ্চিম ইউরোপের ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য। দীর্ঘস্থায়ী তাপপ্রবাহে দেশগুলোতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
ফ্রান্সের আবহাওয়া দপ্তর মেটেও ফ্রান্স জানায়, আগামী কয়েকদিন তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে রাজধানী প্যারিসসহ বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকাছি এবং কোথাও কোথাও ৩৯ ডিগ্রি পর্যন্ত পৌঁছেছে।
পর্তুগালে টানা চার দিন ধরে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। দেশটির ছয়টি জেলায় ইতোমধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
স্পেনের উত্তর উপকূলীয় অঞ্চলগুলোতে কয়েক দিন ধরে তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশপাশে রয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর একে ‘অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা’ হিসেবে উল্লেখ করে জানিয়েছে, আপাতত তাপ কমার সম্ভাবনা নেই।
যুক্তরাজ্যেও তাপপ্রবাহের প্রভাব দেখা যাচ্ছে, যেখানে বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি পর্যন্ত উঠেছে।
সাধারণত শীতল আবহাওয়ার জন্য পরিচিত পশ্চিম ইউরোপে মে মাসে এমন উচ্চ তাপমাত্রা বিরল ঘটনা। আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ ধরনের চরম আবহাওয়া আরও ঘন ঘন দেখা যেতে পারে।