৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রাশিয়া-ইউক্রেনের ভয়াবহ পাল্টাপাল্টি হামলায় প্রাণ গেলো আরও ২২ জনের

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতে নতুন করে তীব্রতা দেখা দিয়েছে। সর্বশেষ পাল্টাপাল্টি হামলায় দুই দেশে মোট অন্তত ২২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা যায়, উভয় দেশেই ১১ জন করে প্রাণহানির ঘটনা ঘটেছে। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ জানান, গেলেনঝিকের কাছে পর্যটনগ্রাম আরখিপো-ওসিপোভকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে সাতজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৪০ জন।

এছাড়া ক্রিমিয়ায় মস্কো-সমর্থিত প্রশাসনের প্রধান সের্গেই আকসিওনভ জানিয়েছেন, সেখানে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন আরও দুজন। অন্যদিকে বেলগোরোদ অঞ্চলে হামলায় চার বেসামরিক নাগরিক নিহত ও ১৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার শুয়ায়েভ।

ইউক্রেনের দিকেও হামলার ঘটনা অব্যাহত রয়েছে। দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ জেলায় একটি পেট্রোলপাম্পে রুশ হামলায় তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে এক জরুরি সেবাকর্মী ও তার আট বছর বয়সী সন্তান রয়েছে। হামলার পর আগুনে পেট্রোলপাম্প ও আশপাশের যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

এছাড়া জাপোরিঝঝিয়ায় রাতভর হামলায় আরও আটজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুটি শিশু রয়েছে।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলের বিলিই কোলোদিয়াজ ও উসপেনিভকা নামে দুটি বসতি দখল করেছে।

অন্যদিকে ইউক্রেনীয় হামলায় রাশিয়ার ভ্লাদিমির অঞ্চলের একটি গুদামে ড্রোন আঘাত হেনেছে বলে জানা গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় সংশ্লিষ্ট কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে সংঘাতে বেসামরিক মানুষের প্রাণহানি বেড়েছে। যদিও উভয় পক্ষই বেসামরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করে আসছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগও অব্যাহত রয়েছে। সাম্প্রতিক এক বৈঠকে ইউক্রেন তাদের আকাশ প্রতিরক্ষা জোরদারে সহায়তা চাইলেও প্রতিশ্রুত কিছু সামরিক সহযোগিতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

Home R3