৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

যুদ্ধবিরতি উপেক্ষা করে ইরানে নতুন হামলা চালাল ইসরাইল

ডেডলাইনের শেষ মুহূর্তে ইরান যুদ্ধ ইস্যুতে দুই সপ্তাহের বিরতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে ইরানও ওই যুদ্ধবিরতি মেনে নেয়। তবে যুদ্ধবিরতির পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি; নতুন করে হামলা চালিয়েছে ইসরাইল।

ইসরাইলি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ১২’-এর বরাতে বুধবার (৮ এপ্রিল) ভোরে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত থাকার অভিযোগে দেশটির ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

এর আগে ট্রাম্প ঘোষণা দেন, ওয়াশিংটন দুই সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিত রাখবে। একই সঙ্গে তিনি ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবকে আলোচনার জন্য ‘কার্যকর ভিত্তি’ হিসেবে উল্লেখ করেন।

এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় আগামী শুক্রবার ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে, যা দুই সপ্তাহ পর্যন্ত চলতে পারে।

তবে যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলের নতুন হামলা পরিস্থিতিকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।