১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রকে ‘ভয়াবহ পরিণতি’র হুমকি দিলেন কিম জং উনের বোন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন–এর বোন কিম ইয়ো জং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে ‘ভয়াবহ পরিণতি’র ব্যাপারে সতর্ক করেছেন।

মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বৃহৎ আকারের সামরিক মহড়া কোরীয় উপদ্বীপের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। তিনি জানান, এর প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া তার প্রতিরোধ ক্ষমতা আরও জোরদার করবে।

বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নিরাপত্তার কাছে শত্রু বাহিনীর এমন শক্তি প্রদর্শন অকল্পনীয়ভাবে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। শত্রুদের কখনোই আমাদের ধৈর্য, ইচ্ছাশক্তি এবং সক্ষমতা পরীক্ষা করার চেষ্টা করা উচিত নয়।

আনাদোলু এজেন্সি জানিয়েছে, সোমবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বার্ষিক যৌথ বসন্তকালীন সামরিক মহড়া ফ্রিডম শিল্ড শুরু করার পরই কিম ইয়ো জংয়ের এ প্রতিক্রিয়া আসে।

তিনি আরও বলেন, উত্তর কোরিয়া তার ‘অপ্রতিরোধ্য প্রতিরোধ ক্ষমতা’ আরও শক্তিশালী করে কৌশলগত হুমকি হিসেবে বিবেচিত বিষয়গুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, তার দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকবে।

সূত্র: আনাদোলু এজেন্সি