৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মালয়েশিয়ায় ১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ

সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়া। নতুন নিয়ম অনুযায়ী ১৬ বছরের কম বয়সীরা আর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না।

সোমবার (১ জুন) থেকে এই নীতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে দেশটির যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি)।

নতুন বিধান অনুসারে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবসহ জনপ্রিয় সব সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহারকারীদের বয়স যাচাই বাধ্যতামূলকভাবে করতে হবে। এজন্য সরকারি পরিচয়পত্র বা নথির মাধ্যমে বয়স নিশ্চিত করতে হবে।

নিয়ম ভঙ্গ করলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে সর্বোচ্চ ১ কোটি মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ২৫ লাখ মার্কিন ডলার) পর্যন্ত জরিমানা আরোপ করা হতে পারে।

এমসিএমসি জানিয়েছে, এই উদ্যোগ শিশুদের প্রযুক্তি ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য নয়; বরং অনলাইনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং প্ল্যাটফর্ম, অভিভাবক ও সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা বাড়ানোই এর মূল লক্ষ্য।

বর্তমান ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের কাজ আগামী ছয় মাসের মধ্যে ধাপে ধাপে সম্পন্ন করা হবে।

দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে অনলাইনে ক্ষতিকর কনটেন্ট, ধর্মীয় ও জাতিগত উত্তেজনামূলক বিষয়বস্তু এবং রাজনৈতিক সংবেদনশীল পোস্ট বৃদ্ধি পাওয়ায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিশেষ করে রাজতন্ত্রবিরোধী বা উসকানিমূলক কনটেন্ট নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়েছে।

বিশ্বব্যাপী শিশুদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় মালয়েশিয়ার এই সিদ্ধান্তকে ডিজিটাল সুরক্ষা জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: ডন

Home R3