১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে পৃথক অভিযানে বাংলাদেশিসহ ৩৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)।

সোমবার (১৫ জুন) সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের সদস্যরা বাতু কেভস এলাকার একটি নাইট মার্কেট (পাসার মালাম) এবং সেলায়াং বারু এলাকার একটি আবাসিক স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, বিদেশি নাগরিকদের বৈধ কাগজপত্র যাচাই, ভিসার শর্ত লঙ্ঘন, অবৈধভাবে অবস্থানসহ বিভিন্ন অভিবাসন আইন সংশ্লিষ্ট বিষয় খতিয়ে দেখতে এই অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন অনুযায়ী তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। দেশটির ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Home R3