মাদরাসা, আলেম-উলামা ও দ্বীনি শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে পরিচালিত যেকোনো অপপ্রচার, ষড়যন্ত্র ও অন্যায় আচরণ আইনানুগ, শান্তিপূর্ণ এবং ঐক্যবদ্ধভাবে মোকাবিলার ঘোষণা দিয়েছেন পুরান ঢাকার ওলামায়ে কেরাম। একই সঙ্গে পারস্পরিক সমন্বয় ও যোগাযোগ জোরদারের লক্ষ্যে ‘ইত্তিফাকুল মাদারিস পুরান ঢাকা’ নামে একটি আঞ্চলিক সমন্বয় প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টায় পুরান ঢাকা ইমাম-ওলামা পরিষদের উদ্যোগে লালবাগ জামিয়ায় পুরান ঢাকার বিভিন্ন মাদরাসার জিম্মাদারদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন মুফতী সাখাওয়াত হোসাইন রাজী।
সভায় বর্তমান প্রেক্ষাপটে মাদরাসা, আলেম-উলামা এবং দ্বীনি শিক্ষাব্যবস্থাকে ঘিরে চলমান অপপ্রচার ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত জিম্মাদাররা সর্বসম্মতিক্রমে মত প্রকাশ করেন যে, মাদরাসা ও দ্বীনি অঙ্গনের বিরুদ্ধে পরিচালিত যেকোনো অপপ্রচার বা ষড়যন্ত্রের জবাব আইনানুগ ও শান্তিপূর্ণ উপায়ে সম্মিলিতভাবে দেওয়া হবে। পাশাপাশি মাদরাসাসমূহের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় পুরান ঢাকার মাদরাসাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার লক্ষ্যে থানাভিত্তিক সমন্বয় টিম গঠনের পাশাপাশি ১৫ সদস্যবিশিষ্ট একটি আঞ্চলিক সমন্বয় টিম গঠন করা হয়। এই সমন্বয় প্ল্যাটফর্মের নাম নির্ধারণ করা হয় ‘ইত্তিফাকুল মাদারিস পুরান ঢাকা’।
এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে পুরান ঢাকার সব মাদ্রাসার সঙ্গে সমন্বয় কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী মঙ্গলবার সকাল ১০টায় লালবাগ জামিয়ায় মাদ্রাসাসমূহের পরিকল্পনা সভা অনুষ্ঠিত হবে। ওই সভা থেকে পরবর্তী কর্মপরিকল্পনা ও কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
১৫ সদস্যের সমন্বয় টিম
নবগঠিত ‘ইত্তিফাকুল মাদারিস পুরান ঢাকা’র সমন্বয় টিমে রয়েছেন— মুফতী হোসাইন সোহরাব (জামিয়া শরিফিয়া আরাবিয়া, লালবাগ), মুফতী আব্দুল জব্বার (আল-জামিয়া মাযহারুল উলূম, সিদ্দিকবাজার), মুফতী তানভীর আহমদ সিদ্দিকী (জামিয়া ইসলামিয়া দারুল হক), মাওলানা মিজানুর রহমান (মারকাযুল আবরার, পোস্তা), মুফতী আফজাল হোসাইন (জামিয়া মুনাওয়ারা), মাওলানা নাসির বিন নূর (রওজাতুল উলূম মাদ্রাসা, হাজারীবাগ), মুফতী আকরাম হোসাইন (জামিয়াতুস সুন্নাহ, কামরাঙ্গীরচর), মুফতী মামুন রহমানী (জামিয়া ইসলামিয়া, নবাবগঞ্জ), মুফতী সাইফুল্লাহ হাবিবী (জামিয়া রাব্বানিয়া দারুস সুফফাহ, হাজারীবাগ), মুফতী ফয়জুল্লাহ বিন মুখতার (জামিয়া রবিউল উলূম, কামরাঙ্গীরচর), মুফতী বাইজিদ হোসাইন (আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, লালবাগ), মাওলানা আহমদ (হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসা), মুফতী আখতারুজ্জামান আশরাফী (জামিয়াতুস সাহাবা, ঢাকা), মুফতী দেলোয়ার হোসাইন আশরাফী (দারুল আরকাম) এবং মাওলানা আহমাদ হোসাইন (ইশাআতুল উলূম মাদ্রাসা, লালবাগ)।