১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মাদকে ভেজাল নেই, খাদ্যে ভেজাল- এটা আশ্চর্যজনক: সংসদে সাবিকুন্নাহার

বাজারে মাদকে ভেজাল না থাকলেও নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যে ভেজালের উপস্থিতি ‘আশ্চর্যজনক’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাবিকুন্নাহার।

জাতীয় সংসদের অধিবেশনে খাদ্যমন্ত্রীর কাছে সম্পূরক প্রশ্ন করার সময় তিনি এ মন্তব্য করেন এবং ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকাল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২২তম দিনের বৈঠক শুরু হয়। প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে সাবিকুন্নাহার বলেন, ফলের মৌসুমে বাজারে প্রচুর ফল থাকলেও সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ছেন—কোনটি নিরাপদ আর কোনটি ভেজালমুক্ত তা নির্ধারণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

তিনি ফরমালিনসহ বিভিন্ন ভেজালের ব্যাপকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ভেজালের এই পরিস্থিতিতে মাদকে কোনো ভেজাল না থাকাটা অত্যন্ত বিস্ময়কর। এ সময় খাদ্যের মান নিয়ন্ত্রণ ও ভেজালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

জবাবে খাদ্যমন্ত্রী বিষয়টিকে অত্যন্ত স্পর্শকাতর উল্লেখ করে বলেন, খাদ্যে ভেজালের কারণে দেশে ক্যান্সার ও কিডনি রোগের মতো গুরুতর রোগ বাড়ছে এবং এ নিয়ে সরকার উচ্চ পর্যায়ে উদ্বিগ্ন। তিনি জানান, এ সমস্যা মোকাবিলায় সম্প্রতি মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে একটি দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

খাদ্যমন্ত্রী আরও বলেন, জনপ্রশাসন উপদেষ্টার নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যা ইতোমধ্যে কাজ শুরু করেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে ভেজালবিরোধী অভিযান জোরদার করবে।

সরকার প্রধানের নির্দেশনা অনুযায়ী খাদ্যকে সম্পূর্ণ ভেজালমুক্ত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও আশ্বাস দেন তিনি।

Home R3