আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে আবারও মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ১০টা ২৭ মিনিটে ভূকম্পনটি অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ৫ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাদাখশান প্রদেশের জুর্ম জেলা। ভূমিকম্পটির উৎপত্তিস্থল বেশ গভীরে হওয়ায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে ঝাঁকুনি ছিল স্পষ্ট।
ভৌগোলিক অবস্থানের কারণে আফগানিস্তান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল। ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই এমন ভূকম্পন ঘটে থাকে।
এর আগে গত ২৭ জুন দেশটিতে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। বারবার এমন ঝাঁকুনিতে বড় বিপর্যয় না ঘটলেও ২০২৫ সালের নভেম্বরের প্রাণঘাতী ভূমিকম্পের স্মৃতি এখনো ভোলেনি স্থানীয়রা। সেবার ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধসে পড়ে এবং অন্তত সাতজনের মৃত্যু হয়।