৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভুয়া অর্ডার দিয়েও আমাকে হয়রানি করতো জামায়াত: তারেক

ভুয়া অর্ডারের মাধ্যমে ব্যবসায়িক ক্ষতির অভিযোগ তুলেছেন আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান। তিনি দাবি করেছেন, তার পরিচালিত আম ব্যবসায় পরিকল্পিতভাবে হয়রানি করা হয়েছে এবং এর জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কর্মীদের দায়ী করেছেন।

বুধবার (১ এপ্রিল) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ করেন।

পোস্টে মো. তারেক রহমান লেখেন, অনলাইনে এফ-কমার্স ব্যবসা পরিচালনার ক্ষেত্রে শুরুতে ক্যাশ অন ডেলিভারিতে কোনো অগ্রিম না নেওয়ায় প্রচুর অর্ডার এলেও প্রায় ১০ শতাংশ অর্ডার ছিল ভুয়া। পরে ৫০০ টাকা অগ্রিম নেওয়ার নিয়ম চালু করলে অর্ডার কমে গেলেও লোকসান বন্ধ হয়।

তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কিছু কর্মী ইচ্ছাকৃতভাবে ভুয়া অর্ডার দিয়ে তাকে বেশি হয়রানি করেছেন।

একটি ঘটনার উদাহরণ দিয়ে তিনি জানান, এক গ্রাহক প্রথমে আমের সাইজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। পরে ওই গ্রাহক প্রতিশোধমূলকভাবে দুই মণ আম অর্ডার দেন, যা তিনি অগ্রিম ছাড়াই সরবরাহ করেন। কিন্তু পরবর্তীতে গ্রাহক তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান।

এ ঘটনায় থানায় অভিযোগ করা হলে পুলিশ হস্তক্ষেপ করে। পরে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয় বলে তিনি উল্লেখ করেন।