৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন নীতিমালা

যুক্তরাষ্ট্রের ভিসা, গ্রিন কার্ডসহ বিভিন্ন অভিবাসন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করে নতুন নীতি ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা বিভাগ (ইউএসসিআইএস) বুধবার (৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আবেদন জমা দেওয়ার সময়ই আবেদনকারীদের সংশ্লিষ্ট সুবিধার জন্য নিজেদের যোগ্যতার পূর্ণ প্রমাণ দিতে হবে। প্রয়োজনীয় নথি বা প্রাথমিক প্রমাণপত্র না থাকলে অতিরিক্ত তথ্য চেয়ে ‘রিকোয়েস্ট ফর এভিডেন্স’ (আরএফই) বা ‘নোটিশ অব ইন্টেন্ট টু ডিনাই’ (এনওআইডি) জারি ছাড়াই আবেদন সরাসরি বাতিল করা হতে পারে।

ইউএসসিআইএস জানায়, প্রতিটি আবেদন ফরম ও নির্দেশিকায় প্রয়োজনীয় নথির তালিকা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। ফলে শুরুতেই পূর্ণাঙ্গ আবেদন জমা দেওয়া আবেদনকারীদের দায়িত্ব।

সংস্থাটির মতে, নতুন নীতিটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ (ডিএইচএস)-এর দীর্ঘদিনের নিয়ন্ত্রক ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এটি অভিবাসন ব্যবস্থার অখণ্ডতা জোরদার করবে। পাশাপাশি ভিত্তিহীন আবেদন জমা দেওয়াও কঠিন হয়ে উঠবে।

এ নীতির মাধ্যমে বাইডেন প্রশাসনের সময়কার একটি নীতির পরিবর্তন ঘটেছে। পূর্বে আবেদন অসম্পূর্ণ হলেও বাতিলের আগে কর্মকর্তাদের আরএফই পাঠাতে উৎসাহিত করা হতো।

নতুন নীতিমালা ৫ আগস্ট থেকে তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। বিদ্যমান বিধিতে ভিন্ন কিছু উল্লেখ না থাকলে, ২০২৬ সালের ৫ আগস্ট বা এর পর দাখিলকৃত কিংবা ওই সময় পর্যন্ত বিচারাধীন থাকা সব আবেদনেই এই নীতি প্রযোজ্য হবে।

Home R3