৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ভিসার নিয়মে কড়াকড়ি বাড়াল ভারত সরকার

ভারতে অবস্থানরত বিদেশি নাগরিকদের ভিসা ও নিবন্ধন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির কেন্দ্রীয় সরকার। নতুন সংশোধিত ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫’ অনুযায়ী, এখন থেকে ভিসার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই বাধ্যতামূলকভাবে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগের নিয়ম অনুযায়ী বিদেশিরা ভারতে আগমনের ১৮০ দিন পূর্ণ হওয়ার পরবর্তী ১৪ দিনের মধ্যে নিবন্ধনের সুযোগ পেলেও, নতুন সংশোধনীতে সেই সুযোগ বাতিল করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ১৮০ দিনের সময়সীমা শেষ হওয়ার আগেই যেকোনো সময় নিবন্ধন সম্পন্ন করতে হবে। মূলত বিদেশি নাগরিকদের ওপর নজরদারি জোরদার এবং ইমিগ্রেশন ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে।

এই বিধানটি বিশেষভাবে প্রযোজ্য হবে তাদের জন্য, যারা ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছেন। একই সঙ্গে যাদের ভিসার মেয়াদ ১৮০ দিনের বেশি হলেও একটানা ১৮০ দিনের বেশি অবস্থানের অনুমতি নেই, তাদের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে।

এ ধরনের ভিসাধারীরা যদি নির্ধারিত সময়ের বেশি ভারতে থাকতে চান, তবে আগেই নিবন্ধন সম্পন্ন করতে হবে। সরকার জানিয়েছে, কেবল জরুরি বা বিশেষ পরিস্থিতিতেই অতিরিক্ত অবস্থানের অনুমতি দেওয়া হবে, ফলে এ সুযোগ সীমিত থাকবে।

অন্যদিকে, নতুন নীতিমালায় কিছু ক্ষেত্রে শিথিলতাও আনা হয়েছে। ভারতে অবস্থানরত কোনো বিদেশি দম্পতির সন্তান জন্ম নিলে, পূর্বে ৩০ দিনের মধ্যে নিবন্ধন কর্মকর্তাকে অবহিত করা বাধ্যতামূলক ছিল। তবে এখন যদি শিশুর পিতা বা মাতার একজন ভারতীয় নাগরিক হন এবং শিশুর জন্য ভারতীয় নাগরিকত্ব বজায় রাখতে চান, তাহলে এই বাধ্যবাধকতা আর থাকবে না।

তবে শর্ত হিসেবে বলা হয়েছে, পরবর্তীতে শিশুটি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করলে ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা জানাতে হবে।

এছাড়া দেশের চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও নতুন রিপোর্টিং নির্দেশনা জারি করা হয়েছে। যেসব হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে বিদেশি নাগরিকরা ভর্তি হয়ে চিকিৎসা নেন, সেসব প্রতিষ্ঠানের জন্য তথ্য প্রদান ও প্রশাসনিক জবাবদিহিতা আরও কঠোর ও আধুনিক করা হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

Home R3