১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ভিসা ছাড়াই জার্মানিতে যেতে পারবেন যে ৮ দেশের নাগরিকরা

জার্মানিতে সরাসরি গিয়ে চাকরি খোঁজার সুযোগ দিতে চালু হওয়া ‘অপরচুনিটি কার্ড’-এর আওতায় বিশ্বের আটটি দেশের নাগরিকদের জন্য বিশেষ ছাড় দিয়েছে দেশটির সরকার। এসব দেশের নাগরিকেরা দেশটিতে প্রবেশের আগে কোনো আগাম ভিসা ছাড়াই সরাসরি জার্মানিতে যেতে পারবেন এবং সেখানে পৌঁছে স্থানীয় অভিবাসন কর্তৃপক্ষের কাছে আবেদন করে বসবাসের অনুমতি (রেসিডেন্স পারমিট) নিতে পারবেন। তবে বাংলাদেশি নাগরিকদের জন্য এই বিশেষ সুবিধা প্রযোজ্য নয়; বাংলাদেশিদের দেশ ছাড়ার আগেই ভিসা সংগ্রহ করতে হবে।

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তরাজ্যস্থ দূতাবাসের নির্দেশিকা অনুযায়ী, আগাম ভিসা ছাড়া প্রবেশের এই বিশেষ তালিকায় রয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ইসরায়েল, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।

তবে ভিসামুক্ত প্রবেশাধিকার পেলেও অপরচুনিটি কার্ড স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যাবে না। দেশটিতে পৌঁছানোর পর আবেদনকারীকে বাসস্থানে ওঠার দুই সপ্তাহের মধ্যে ঠিকানা নিবন্ধন করতে হবে এবং প্রবেশের ৯০ দিনের মধ্যে স্থানীয় বিদেশি নাগরিকবিষয়ক দপ্তরে (ইমিগ্রেশন অফিস) কার্ডের জন্য আবেদন করতে হবে। বড় শহরগুলোতে সাক্ষাতের দীর্ঘসূত্রতা এড়াতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে দ্রুত যোগাযোগ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে বার্লিনের মতো শহরে স্থানীয় দপ্তরের নিয়মে জটিলতা থাকায় ভ্রমণের আগেই তা যাচাই করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশি চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে আগের নিয়মই কার্যকর থাকছে। বাংলাদেশিদের ভিসা ছাড়া জার্মানিতে গিয়ে কার্ডের আবেদন করার কোনো সুযোগ নেই। ফলে জার্মানিতে গিয়ে কর্মসংস্থান খুঁজতে আগ্রহীদের দেশ ছাড়ার আগেই দূতাবাস থেকে প্রয়োজনীয় ‘অপরচুনিটি কার্ড ভিসা’ সংগ্রহ করতে হবে।

ইউরোপীয় ইউনিয়নের বাইরের দক্ষ জনশক্তিকে আকৃষ্ট করতে মূলত সর্বোচ্চ এক বছর মেয়াদি এই অপরচুনিটি কার্ড চালু করেছে জার্মানি। কার্ড পাওয়ার ক্ষেত্রে আবেদনকারীর শিক্ষাগত বা পেশাগত ডিগ্রির স্বীকৃতি থাকতে হবে অথবা ভাষা, বয়স ও অভিজ্ঞতাসহ বিভিন্ন যোগ্যতার ভিত্তিতে অন্তত ছয় পয়েন্ট অর্জন করতে হবে। পাশাপাশি সেখানে অবস্থানকালীন নিজের খরচ চালানোর সক্ষমতা হিসেবে মাসে ন্যূনতম ১ হাজার ৯১ ইউরো থাকার আর্থিক প্রমাণ দেখাতে হবে। কার্ডধারীরা চাকরির সন্ধানের পাশাপাশি সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা খণ্ডকালীন এবং পরীক্ষামূলক কাজ করার সুযোগ পেয়ে থাকেন।

Home R3