৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ভরিতে ৩২৬৬ টাকা কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে (১১.৬৬৪ গ্রাম) দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা। নতুন করে প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।

মঙ্গলবার (২ জুন) সকাল ১০টা থেকে এ নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী (পাকা) স্বর্ণের দাম কমার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমে হয়েছে ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা, যা আগের তুলনায় ২ হাজার ৬৮৩ টাকা কম। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি প্রতি দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।

এর আগে গত ২৫ মে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়। তবে তার দুদিন আগে ২৩ মে একই পরিমাণ কমানো হয়েছিল।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি প্রতি দাম ১১৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৪১ টাকায় বিক্রি হবে।

সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং স্থানীয় চাহিদা-যোগানের ওপর ভিত্তি করেই এ ধরনের মূল্য সমন্বয় করা হয়ে থাকে।

Home R3