৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিবদের (পিএস) জন্য নতুন মূল বেতন নির্ধারণ করেছে অর্থ বিভাগ। এখন থেকে তাদের মূল বেতন হবে ৩২ হাজার ৫৪০ টাকা।

এর আগে তারা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নবম গ্রেডে (২২,০০০–৫৩,০৬০ টাকা) নিয়োগ পেতেন, যেখানে মূল বেতন ছিল ২২ হাজার টাকা। নতুন সিদ্ধান্তের ফলে তাদের মূল বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি এসেছে।

সম্প্রতি অর্থ বিভাগ এ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠিয়েছে। এর আগে গত ৩১ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে অর্থ বিভাগের মতামত চেয়েছিল।

চিঠিতে অর্থ বিভাগ জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি চাকরির বাইরে থেকে অস্থায়ীভাবে মন্ত্রী/প্রতিমন্ত্রী (সমমর্যাদা) অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত সহকারী একান্ত সচিব এবং উপমন্ত্রী (সমমর্যাদা) অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত একান্ত সচিবদের জন্য ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’-এর নবম গ্রেডের অষ্টম ধাপে ৩২ হাজার ৫৪০ টাকা মূল বেতন নির্ধারণ করা হয়েছে।

তবে এ বেতনের ক্ষেত্রে কিছু শর্ত প্রযোজ্য থাকবে। তাদের জন্য কোনো বার্ষিক বেতন বৃদ্ধি প্রযোজ্য হবে না। বিধি অনুযায়ী অন্যান্য ভাতা পাওয়া যাবে, তবে পেনশন, আনুতোষিক ও ভবিষ্য তহবিলের সুবিধা প্রযোজ্য হবে না।

অর্থ বিভাগ আরও জানিয়েছে, এই বেতন কাঠামো শুধুমাত্র সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত এপিএস ও পিএসদের জন্য প্রযোজ্য হবে।

Home R3