২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমল

আন্তর্জাতিক বাজারে স্বর্ণসহ বিভিন্ন মূল্যবান ধাতুর দাম কমেছে। তেলের দামে অস্থিরতা, মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনার কারণে এই পতন দেখা গেছে। ফলে টানা দ্বিতীয় সপ্তাহের মতো লোকসানের মুখে পড়েছে মূল্যবান ধাতুর বাজার।

শনিবার (২৩ মে) বাংলাদেশ সময় বিকেল ৩টা ২১ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৪ হাজার ৫০৯ দশমিক ৬৪ ডলারে নেমে আসে। সপ্তাহজুড়ে মোট কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ।

এছাড়া জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫২৩ দশমিক ২০ ডলারে নিষ্পত্তি হয়েছে।

বাজার বিশ্লেষক রোনা ও’কনেল বলেন, বিনিয়োগকারীরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে পরিস্থিতি এবং সরবরাহব্যবস্থার ঝুঁকি মূল্যস্ফীতির আশঙ্কা বাড়াচ্ছে। এর সঙ্গে সুদের হার বৃদ্ধির সম্ভাবনাও বিনিয়োগকারীদের সতর্ক করে তুলেছে।

একই সময়ে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। রুপার দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৭৫ দশমিক ৫১ ডলার, প্লাটিনাম ১ দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ৯৩১ দশমিক ৪০ ডলার এবং প্যালাডিয়াম ২ দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৩৭৯ ডলারে নেমে এসেছে।

এদিকে দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সূত্র: গোল্ডপ্রাইস

Home R3