প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকাতেও সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। একইসঙ্গে গঠনমূলক সমালোচনাকে সরকার ইতিবাচকভাবে গ্রহণ করবে বলেও তিনি উল্লেখ করেন।
বুধবার (১০ জুন) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের দ্বিতীয় এবং প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিনে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সংসদে ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেমের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী সংসদ সদস্যদের কর্মপরিধি ও এলাকার উন্নয়ন প্রসঙ্গে বলেন, সরাসরি নির্বাচিত সংসদ সদস্যদের নির্দিষ্ট আসন থাকলেও নারী সদস্যদের ক্ষেত্রে সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে কাজের ক্ষেত্র নির্ধারণ করা হয়। তবে উন্নয়ন কার্যক্রমে তাদেরও সমান ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
তিনি বলেন, “উন্নয়নের বিষয়ে আমরা সরকারি নীতিমালা অনুযায়ী কাজ করছি। কোনো এলাকার উন্নয়নে সহযোগিতার প্রয়োজন হলে তা জানালে সরকার সরাসরি সহায়তা করবে।”
পরবর্তীতে সংসদ সদস্য আনিছুর রহমানের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের সম-উন্নয়নে বিশ্বাসী। সরকারি দলের মতো বিরোধী দলের সংসদ সদস্যদের এলাকাতেও উন্নয়ন কর্মকাণ্ডে সরকারের পূর্ণ সহযোগিতা থাকবে।
তিনি আরও জানান, সম্প্রতি স্পিকারের নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠকে বিরোধীদলীয় সদস্যদের কিছু উন্নয়ন সহায়তা না পাওয়ার বিষয়টি উত্থাপিত হলে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তা দ্রুত সমাধানের নির্দেশ দেন।
সরকারবিরোধী অপপ্রচার বন্ধে কোনো উদ্যোগ নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি সময়ের সঙ্গে বিবেচনা করা হবে।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত, গণতন্ত্রে বিশ্বাসী এবং জনগণের কাছে জবাবদিহিমূলক। তাই গঠনমূলক সমালোচনা থাকলে আমরা তা গ্রহণ করব এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”