বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বরং জনগণের কল্যাণে কাজ করে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) নরসিংদীর পলাশ উপজেলার শান্তানপাড়া আশ্রয়ণ প্রকল্পে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বিশেষ ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. মঈন খান বলেন, বিএনপি প্রায় ১৭ বছর আগে যে উন্নয়ন কার্যক্রম শুরু করেছিল, আওয়ামী লীগের শাসনামলে তা বন্ধ হয়ে যায়। এখন সেই উন্নয়ন প্রক্রিয়া আবার নতুন করে শুরু করা হবে। তিনি আরও বলেন, দেশের মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।
তিনি দাবি করেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে, সরকার বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে তার সুফল খুব দ্রুতই দিতে শুরু করেছে।
অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছেন, যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন এবং ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাসহ অন্যান্য নেতাকর্মীরা।