বাংলাদেশের মানুষের আর্জেন্টিনার প্রতি গভীর ভালোবাসা ও ফুটবল উন্মাদনা কাছ থেকে দেখতে ঢাকায় এসেছেন আর্জেন্টাইন কনটেন্ট ক্রিয়েটর ও সাংস্কৃতিক দূত ড্যান লান্দে; যিনি “রুলো” নামেই বেশি পরিচিত।
সফরকালে তিনি দেশের বিভিন্ন স্থান পরিদর্শনের পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের সঙ্গে সময় কাটাবেন এবং বাংলাদেশের ফুটবল সংস্কৃতি সম্পর্কে জানবেন।
সোমবার (২২ জুন) রাজধানীর আলোচিত “ফিফা গলি” পরিদর্শন করেন রুলো। সেখানে উপস্থিত সমর্থকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান এবং বাংলাদেশের মানুষের আর্জেন্টিনার প্রতি আবেগ দেখে মুগ্ধতা প্রকাশ করেন।
ফিফা গলির আয়োজকদের অন্যতম সদস্য আল-আমিন হোসাইন রবিন ইউরোবাংলাকে বলেন, “আমরা খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত। রুলো আমাদের ফিফা গলি পরিদর্শন করেছেন। বাংলাদেশের মানুষ যে কতটা আন্তরিকভাবে আর্জেন্টিনাকে ভালোবাসে, তিনি তা সরাসরি দেখার সুযোগ পেয়েছেন।”
জানা গেছে, সফরের বিভিন্ন পর্যায়ে রুলো দেশের নানা প্রান্তে ঘুরে ফুটবলপ্রেমীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং বাংলাদেশের সংস্কৃতি ও মানুষের আতিথেয়তার অভিজ্ঞতা বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন।
বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশে আর্জেন্টিনার বিপুল জনপ্রিয়তা আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। রুলোর এ সফর সেই বন্ধনকে আরও দৃঢ় করবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা।