বাংলাদেশের সরকারপ্রধানকে স্বাগত জানানোর জন্য ভারতের অধীর আগ্রহে অপেক্ষার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, “এটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের বিষয়। তবে আমাদের পক্ষ থেকে বলতে পারি, আমরা তাকে ভারতে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করছি, খুব শিগগিরই এই সফর বাস্তবায়িত হবে।”
এর আগে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এটি তাদের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
সাক্ষাৎ শেষে তিনি বলেন, “আজকের বৈঠকটি অত্যন্ত চমৎকার ও ইতিবাচক হয়েছে। অত্যন্ত আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে, কারণ আমাদের মূল লক্ষ্য ও বিষয়গুলো অভিন্ন। ইতিহাস, সংস্কৃতি এবং খেলাধুলা—বিশেষ করে ক্রিকেট—সব ক্ষেত্রেই আমাদের সম্পর্ক গভীর।”
দীনেশ ত্রিবেদী আরও জানান, ভারত ইতোমধ্যে ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে, যাতে দুই দেশের জনগণ এর সুফল পেতে পারে।
বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের সম্পর্ক শুধু সীমান্তে সীমাবদ্ধ নয়; আমরা ইতিহাস, সংস্কৃতি এবং ভবিষ্যৎ স্বপ্নও ভাগাভাগি করি।”
তিস্তা ও গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে উভয় দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। পারস্পরিক বোঝাপড়া থাকলে যেকোনো সমস্যার সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্রিকসের সদস্য না হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।