ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ বলেছেন, বিশ্বের নানাপ্রান্তে আধিপত্য বিস্তারের লক্ষ্যে যুদ্ধ চলছে আর বাংলাদেশে চলছে ছাত্রদল-ছাত্রশিবিরের যুদ্ধ। ফ্যাসিবাদী মানসিকতা ও পেশিশক্তি প্রদর্শনের মাধ্যমে আধিপত্য বিস্তারের নোংরা প্রতিযোগিতায় শিক্ষাঙ্গনের পরিবেশ কলুষিত হচ্ছে। যে রাজপথে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আজ সেই শক্তিকেই ভিন্ন খাতে প্রবাহিত করে আবারও দখল ও ভীতির রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বাদ জুমা বাইতুল মোকাররম উত্তর গেইটে ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদের সঞ্চালনায় সন্ত্রাসবিরোধী পদযাত্রা পূর্ব সমাবেশ থেকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ এসব কথা বলেন।
তিনি বলেন, ছাত্রদল-ছাত্রশিবির শিক্ষার্থীদের সাথে জুলাই অভ্যুত্থান পরবর্তী নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের যে অঙ্গীকার করেছিলো তারা সে অঙ্গীকার ভঙ্গ করছে। যেভাবে তারা নিজেদের মধ্যে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত এবং ছাত্রলীগ কর্তৃক সৃষ্ট বিগত প্রায় ১৭ বছর অন্যায়ভাবে নির্যাতনের স্বীকার হয়েছে সেভাবেই তারা পুনরায় সেই ত্রাসের রাজনীতি সৃষ্টি করে ক্যাম্পাসগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে।
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান একটি জাতির বিবেক গঠনের কারখানা। এখান থেকেই গড়ে ওঠে আগামী দিনের নেতৃত্ব, মূল্যবোধ ও মানবিকতা। অথচ দুঃখজনকভাবে আজ দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে জ্ঞানচর্চার পরিবেশকে অন্ধকারাচ্ছন্ন করে তুলছে অস্ত্রের ঝনঝনানি, ভয়ভীতি ও সহিংসতার সংস্কৃতি। ছাত্র রাজনীতির মোড়কে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে তারা ক্যাম্পাসকে শিক্ষার কেন্দ্র থেকে সন্ত্রাসের ঘাঁটিতে রূপান্তরের অপচেষ্টায় লিপ্ত। শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত, নিরাপদ ও জ্ঞানচর্চার উপযোগী পরিবেশে ফিরিয়ে আনতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সবসময় আপসহীন অবস্থানে থাকবে এবং প্রয়োজনে রাজপথে থেকে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রাখবে।
সন্ত্রাসবিরোধী পদযাত্রা থেকে নেতৃবৃন্দ অবিলম্বে শিক্ষাঙ্গন থেকে সন্ত্রাসের শেকড় উপড়ে ফেলার জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সচেতন শিক্ষার্থীদের প্রতি নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিতে সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে না বলতে আহ্বান জানান ছাত্র আন্দোলনের নেতারা।
একইসঙ্গে তারা সকল ছাত্রসংগঠনকে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সুস্থ, সহনশীল, সহাবস্থানপূর্ণ, কল্যাণমুখী ছাত্র রাজনীতি চর্চা ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
সন্ত্রাস বিরোধী কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৬ এপ্রিল ২০২৬ রবিবার দেশব্যাপী সকল ক্যাম্পাসে সন্ত্রাস বিরোধী মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন নেতৃবৃন্দ। সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে পল্টন মোড়, সচিবালয় হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত সন্ত্রাসবিরোধী পদযাত্রা অনুষ্ঠিত হয়।
সন্ত্রাসবিরোধী পদযাত্রায় এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হোসাইন নূর, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীল, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন, অর্থ ও কল্যাণ সম্পাদক আহমাদ শাফী, দক্ষতা উন্নয়ন ও বিতর্ক সম্পাদক ওবায়দুল্লাহ মাহমুদ, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আনোয়ার হোসেন মনজু, প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম, পরিকল্পনা ও পাঠাগার সম্পাদক আরিফুল ইসলাম খান লিখন, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক ইব্রাহীম নাসরুল্লাহ, কওমি মাদরাসা সম্পাদক সাঈদ আবরার, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সম্পাদক মাঈনুদ্দীন খান সিফাতসহ কেন্দ্রীয়, ঢাকা মহানগর ও ঢাকাস্থ ক্যাম্পাস নেতৃবৃন্দ।