বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক দিন দিন স্বাভাবিক হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
সোমবার সকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ভার্মা বলেন, দুই দেশের মধ্যে আবেগ ও সংস্কৃতির গভীর সম্পর্ক রয়েছে, যা আরও দৃঢ় করতে কাজ চলছে। পারস্পরিক বোঝাপড়া ও আস্থার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে জ্বালানি, যোগাযোগ, সংস্কৃতিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বিদ্যমান এবং এসব ক্ষেত্র আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।
ভারতীয় হাইকমিশনার জানান, অভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যের ভিত্তিতে এমন সব খাতে কাজ করা হবে, যেখানে দুই দেশের জনগণই উপকৃত হবে।
এছাড়া দুই দেশের সংসদীয় কার্যক্রম নিয়মিত আদান-প্রদান অব্যাহত রাখার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।