২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ফ্রান্সের ইতিহাসে প্রথম মুসলিম প্রেসিডেন্ট প্রার্থী আনাস

ফ্রান্সের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে দেশটির রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মরক্কো বংশোদ্ভূত শ্রমিক নেতা আনাস কা-জিব। তিনি ফ্রান্সের ইতিহাসে প্রথম মুসলিম প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

সোমবার (১ জুন) এক ভিডিওবার্তায় তিনি জানান, ট্রটস্কিস্ট রাজনৈতিক সংগঠন ‘রেভল্যুশিওঁ পারমানঁত’-এর হয়ে তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কা-জিব বলেন, তার প্রার্থিতা শ্রমিক শ্রেণি, নিম্ন আয়ের মানুষ এবং অভিবাসী সম্প্রদায়ের বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন ঘটাবে। তিনি একটি ন্যায্য, সমতাভিত্তিক ও শ্রমিকবান্ধব সমাজ গঠনের আহ্বান জানান।

৩৯ বছর বয়সী আনাস কা-জিব দীর্ঘদিন ধরে ফ্রান্সের রেলখাতে কর্মরত এবং শ্রমিক ইউনিয়ন ‘সুড রেল’-এর সক্রিয় সদস্য। তিনি অভিবাসী পটভূমি থেকে উঠে আসা একজন পরিচিত শ্রমিক আন্দোলনকর্মী।

রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে ফরাসি গণমাধ্যমেও নিয়মিত উপস্থিত থাকেন তিনি। বিশেষ করে শ্রমিক অধিকার, সামাজিক বৈষম্য ও অভিবাসী জনগোষ্ঠীর সমস্যাগুলো নিয়ে তিনি বিভিন্ন টেলিভিশন ও রেডিও অনুষ্ঠানে মতামত দিয়ে থাকেন।

এর আগে ২০২২ সালের নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করলেও প্রয়োজনীয় স্থানীয় জনপ্রতিনিধিদের সমর্থন না পাওয়ায় তিনি প্রার্থী হতে পারেননি। তবে এবার তার সংগঠন দাবি করছে, তারা আগের তুলনায় বেশি সমর্থন অর্জন করেছে।

বিশ্লেষকদের মতে, ফ্রান্সের বাম রাজনৈতিক অঙ্গনে বিভক্তি থাকলেও সামাজিক ন্যায়বিচার ও শ্রমিক অধিকার ইস্যুগুলো নতুন করে গুরুত্ব পাচ্ছে। এই প্রেক্ষাপটে কা-জিবের প্রার্থিতা নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।

Home R3