ফ্রান্সে ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দেশটির কয়েকটি মসজিদ। প্রচণ্ড গরমে অসুস্থ বা ক্লান্ত হয়ে পড়া মানুষের জন্য মসজিদের দরজা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ধর্ম, বর্ণ বা পরিচয় নির্বিশেষে যে কেউ সেখানে গিয়ে বিশ্রাম নিতে, ঠান্ডা পানি পান করতে এবং কিছুটা স্বস্তি পাচ্ছেন।
রাজধানী প্যারিস সংলগ্ন মঁত্রই শহরের কয়েকটি মসজিদ এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। ফরাসি কর্তৃপক্ষ যখন একের পর এক তাপদাহ সতর্কতা জারি করছে, তখন মসজিদগুলো সকাল থেকে রাত পর্যন্ত সাধারণ মানুষের জন্য খোলা রাখা হয়েছে। বিশেষ করে বয়স্ক, পথচারী, গৃহহীন এবং অসুস্থ ব্যক্তিরা এই সেবার প্রধান উপকারভোগী হচ্ছেন।
মঁত্রই মুসলিম কাউন্সিলের সভাপতি হাসান হারমুজ বলেন, তীব্র গরমে মানুষ নিরাপদ ও শীতল আশ্রয় খুঁজছিলেন। সেই প্রয়োজন থেকেই মসজিদগুলোকে অস্থায়ী বিশ্রামকেন্দ্রে পরিণত করা হয়েছে। উন্নত শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে মসজিদের ভেতরে আরামদায়ক পরিবেশ থাকায় মানুষ সেখানে স্বস্তি পাচ্ছেন।
এদিকে আল-ইসলাহ মসজিদের খতিব ইব্রাহিম বালহাজ বলেন, মসজিদের দায়িত্ব কেবল ইবাদতের স্থান হওয়া নয়; দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোও ধর্মীয় ও সামাজিক দায়িত্ব। তাঁর ভাষায়, এই উদ্যোগ ইসলামের মানবিকতা, সহমর্মিতা ও সেবার আদর্শকে বাস্তবে তুলে ধরেছে।