২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক রাখবে না সৌদি আরব ও পাকিস্তান

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া ছাড়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক রাখবে না সৌদি আরব ও পাকিস্তান

ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সুনির্দিষ্ট অগ্রগতি না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না সৌদি আরব। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে দেশটির এই অনড় অবস্থানের কথা জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব দীর্ঘদিন ধরেই দ্বি-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পূর্বশর্ত হিসেবে ধরে রেখেছে। এ নীতিতে রিয়াদ কোনো পরিবর্তন আনেনি।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এ যুক্ত হওয়ার আহ্বান জানান। ইরান ইস্যুতে একটি চুক্তি হলে অন্যান্য দেশও ইসরাইলকে স্বীকৃতি দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে সৌদি আরব স্পষ্ট করেছে, ফিলিস্তিন ইস্যুতে বাস্তব অগ্রগতি ছাড়া এ ধরনের কোনো উদ্যোগে তারা যুক্ত হবে না।

এদিকে পাকিস্তানও একই অবস্থান পুনর্ব্যক্ত করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত পাকিস্তান ইসরাইলকে স্বীকৃতি দেবে না। তিনি বলেন, ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র গঠনই এ ক্ষেত্রে প্রধান শর্ত।

পাকিস্তান তার প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসরাইলকে স্বীকৃতি দেয়নি এবং এ নীতিতে কোনো পরিবর্তনের ইঙ্গিতও দেয়নি।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সমীকরণ পরিবর্তনে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা জোরদার হলেও ফিলিস্তিন প্রশ্ন অমীমাংসিত থাকায় সৌদি আরব ও পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ দেশগুলোর অবস্থান পরিবর্তন সহজ হবে না।

Home R3