ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে অবৈধভাবে ভারতে পালাতে সহায়তার অভিযোগে ফিলিপ সাংমা (৩০) নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।
শনিবার ভোরে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিষয়ে অতিরিক্ত তথ্য চেয়ে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং কনস্যুলার অ্যাকসেস দেওয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ মার্চ বনগাঁও সীমান্ত এলাকা থেকে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই ফিলিপ সাংমাকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, অর্থের বিনিময়ে তিনি ময়মনসিংহের হালুয়াঘাট ও ভারতের মেঘালয় সীমান্ত এলাকায় একটি আন্তঃসীমান্ত মানবপাচার নেটওয়ার্ক পরিচালনা করতেন এবং ফয়সালকে ওই পথেই ভারতে প্রবেশে সহায়তা করেন।
শনিবার তাকে আদালতে হাজির করা হলে পাচার চক্রের বিস্তৃতি ও অন্যান্য সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে এসটিএফের আবেদনে আদালত তাকে হেফাজতে নেওয়ার অনুমতি দেন।
সূত্র: ইন্ডিয়া টুডে।