১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়

প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বড় একটি সুখবর ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দুই লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে।

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সরকারপ্রধান এ ঘোষণা দেন। অধিবেশনের ষষ্ঠ দিনে এটি ছিল প্রধানমন্ত্রীর প্রথম প্রশ্নোত্তর পর্ব, যেখানে তিনি সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীরের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শিক্ষা ও প্রযুক্তি খাতে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে সকল নাগরিকের জন্য সমানভাবে কাজ করা তাদের সাংবিধানিক দায়িত্ব এবং নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে সরকার ১৮০ দিন, এক বছর এবং পাঁচ বছর মেয়াদি পৃথক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পাশাপাশি কারিগরি শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আগামী ১৮০ দিনের মধ্যে বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৯ হাজার শিক্ষককে স্মার্ট ট্যাব প্রদান করা হবে। এছাড়া ডিজিটাল শিক্ষা সম্প্রসারণে ৩ হাজার ৮৩২টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের কাজ চলমান রয়েছে।

বিশ্ববাজারে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ১৭২ জন শিক্ষার্থীকে ইতালীয় ও জাপানি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি ২০২৬ সালের জুনের মধ্যে ৪১৮টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় উচ্চগতির বিনামূল্যে ওয়াই-ফাই সেবা নিশ্চিত করা হবে বলে তিনি উল্লেখ করেন।