১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবাসীদের জন্য সুখবর দিল সৌদি আরব

সৌদি আরবে বসবাসরত প্রবাসী কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। ওয়ার্ক পারমিট (কাজের অনুমতিপত্র) সংক্রান্ত জটিলতায় থাকা কর্মীদের জন্য সংশোধনের সময়সীমা চলতি বছরের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের মতে, এ সিদ্ধান্তের ফলে নিয়োগকর্তা ও প্রবাসী কর্মীরা প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অতিরিক্ত সময় পাবেন। এর মাধ্যমে শ্রমবাজারে আইনগত শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি কর্মী ও নিয়োগকর্তা—উভয় পক্ষের স্বার্থ সুরক্ষিত হবে।

তবে এ সুবিধা সব প্রবাসী কর্মীর জন্য প্রযোজ্য নয়। যেসব কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ এক বছরের বেশি আগে শেষ হয়েছে অথবা কোনো প্রতিষ্ঠানে যোগদানের ছয় মাস পরও যাদের ওয়ার্ক পারমিট ইস্যু হয়নি, কেবল তারাই এই সুযোগের আওতায় থাকবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, শ্রম আইন কার্যকরভাবে বাস্তবায়ন, চুক্তিভুক্ত পক্ষগুলোর অধিকার নিশ্চিত করা এবং প্রতিষ্ঠান ও কর্মীদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ দিতেই এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যেই ওয়ার্ক পারমিট নবায়ন বা নতুন করে ইস্যু করার জন্য নিয়োগকর্তা ও কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এদিকে সৌদি কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, বর্ধিত সময়সীমার মধ্যেও যারা ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়ন করবেন না, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পাশাপাশি নতুন প্রতিষ্ঠানের ক্ষেত্রে তাৎক্ষণিক ওয়ার্ক ভিসা ইস্যুর সংখ্যা সর্বোচ্চ পাঁচটিতে সীমিত করার সিদ্ধান্তও নিয়েছে সরকার।

Home R3