দেশজুড়ে জ্বালানি তেলের অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে “প্রত্যেক বাড়ির খাটের নিচে তেল লুকানো আছে” বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম কাবুল।
মঙ্গলবার (৩১ মার্চ) বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন-এর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, মোটরসাইকেল চালকরা পাম্প থেকে তেল নিয়ে বাইরে বেশি দামে বিক্রি করছেন। তার অভিযোগ, পাম্প থেকে তেল সংগ্রহ করে অনেকেই বোতলে ভরে মজুত রাখছেন এবং পরে প্রতি লিটার ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি করছেন। সরকার অভিযান চালালে অধিকাংশ বাড়িতে ২ থেকে ৫ লিটার তেল মজুত পাওয়া যাবে বলেও দাবি করেন তিনি।
সাজ্জাদুল ইসলাম কাবুল আরও বলেন, পেট্রোল পাম্প ছাড়া অন্যত্র খোলা তেল বিক্রি হচ্ছে, তবে পাম্প থেকে ড্রামে করে তেল বিক্রির সুযোগ নেই। সরকার প্রতিটি পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়ায় অনিয়মের সুযোগ কমে এসেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি সতর্ক করে বলেন, কোনো পেট্রোল পাম্পে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট ডিলারশিপ বাতিলের আহ্বান জানানো হবে এবং সমিতির পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় আটটি সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে পাম্পে নিরাপত্তা জোরদার, সরবরাহ নিশ্চিত করা, নির্দিষ্ট সময়ের মধ্যে তেল বিক্রি, ক্রেতাদের সচেতনতা বৃদ্ধি এবং সরকারের মনিটরিং বাড়ানো।
তিনি জানান, বর্তমানে তেল বিতরণের সময়সূচি ও পরিমাণ নির্ধারণে সরকার নিয়োজিত ট্যাগ অফিসারদের ভূমিকা থাকায় পাম্প মালিকদের সরাসরি নিয়ন্ত্রণ সীমিত।