জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে দেশের প্রতিটি মসজিদে মক্তব শিক্ষা চালুর দাবি জানিয়েছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ।
তিনি বলেন, মক্তব শিক্ষার অভাবে সমাজে নৈতিকতার ঘাটতি তৈরি হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এসব কথা বলেন।
মক্তব শিক্ষা চালুর দাবি জানিয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে বলেন, আমরাও মক্তবে পড়েছি, আপনারাও পড়েছেন। আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে মক্তবে যারা লেখাপড়া করেছে তাদের চরিত্র তত খারাপ ছিল না, মক্তব বন্ধ হওয়ার পর আমাদের জেনারেশন যতটা খারাপ হয়েছে।
মুফতী মুহাম্মাদুল্লাহ আরও বলেন, এজন্য আমি সরকারের কাছে দাবি জানাবো, প্রত্যেকটি মসজিদে যেন মক্তব শিক্ষা চালু করা হয়। আমাদের কোমলমতি শিশুদের দীন শিক্ষা দিয়ে, পরকালীন শিক্ষা দিয়ে আদর্শবান নাগরিক হিসেবে যেন তাদের গড়তে পারি।
এ সময় তিনি মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার সরকারের উদ্যোগের প্রশংসা করেন। দেশের প্রতিটি মসজিদের ইমাম মুয়াজ্জিন যেন এই ভাতা পান সে ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবি জানান।
বক্তব্যে কওমি মাদরাসা সনদের স্বীকৃতি বাস্তবায়ন দাবি করেন এবং একই সাথে কওমিপড়ুয়াদের স্কুল-কলেজ ও আলিয়া মাদরাসায় নিয়োগের দাবিও জানান তিনি।