প্রখ্যাত ইসলামী বক্তা পীরজাদা মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী তার ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছেন।
কুরআন-সুন্নাহর আলো প্রচার ও সমাজ সংস্কারে অবদানের জন্য হাবিবুর রহমান যুক্তিবাদী দেশজুড়ে সুপরিচিত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ওয়াজ-নসিহত করে ইসলামী শিক্ষা বিস্তারে ভূমিকা রাখেন।
জানা গেছে, তার প্রথম নামাজে জানাজা বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।
১৯৪৭ সালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বারুদী গ্রামে জন্মগ্রহণ করেন হাবিবুর রহমান যুক্তিবাদী। তার পিতা ছিলেন ছারছীনা দরবার শরিফের পির আল্লামা নেছার উদ্দীন সাহেবের খলিফা মাওলানা মীর মনিরুদ্দীন সাহেব।
নিজ গ্রামেই তার প্রাথমিক শিক্ষাজীবন শুরু হয়। নেছারিয়া আলিম মাদ্রাসা থেকে ১৯৬৩ সালে দাখিল ও ১৯৬৫ সালে আলিম পাস করেন। ১৯৬৭ সালে নারায়ণগঞ্জ কামিল মাদ্রাসা থেকে ফাজিল সম্পন্ন করেন। পরবর্তীতে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা থেকে কামিল প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে তার একাডেমিক শিক্ষাজীবন শেষ করেন।
তার ইন্তেকালে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।