২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

পৃথিবীর কোনো শক্তি আফগানিস্তানকে দমাতে পারবে না: মাওলানা মুত্তাকী

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী বলেছেন, সঠিক শিক্ষা ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে পারলে পৃথিবীর কোনো শক্তিই আফগানিস্তানের ওপর আধিপত্য বিস্তার করতে পারবে না।

রাজধানী কাবুলের রিয়াজুল উলুম বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মুত্তাকী বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জন করা জরুরি, যাতে আফগানিস্তান রাজনৈতিক ও অন্যান্য ক্ষেত্রেও সফল হতে পারে। তিনি শিক্ষার্থীদের বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

আফগান পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আফগানিস্তানের বৈদেশিক সম্পর্ক ক্রমশ বিস্তৃত হচ্ছে এবং একটি দেশ ছাড়া পুরো অঞ্চলে তাদের কূটনৈতিক উপস্থিতি রয়েছে। কোনো দেশ যদি সম্পর্ক স্থাপন না করে, সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও দাবি করেন, দীর্ঘ ২০ বছরের যুদ্ধ শেষে আফগানিস্তান এখন নিরাপত্তা, জাতীয় ঐক্য, প্রত্যাবাসিত অভিবাসীদের ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে। তার মতে, বর্তমানে পুরো দেশে নিরাপত্তা প্রতিষ্ঠিত রয়েছে এবং কোনো অংশই বিরোধী গোষ্ঠীর নিয়ন্ত্রণে নেই।

সূত্র: তোলো নিউজ

Home R3