পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের মুজাফফারাবাদের কাছে পাকিস্তান সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সব আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা এক বিবৃতিতে জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে পাকিস্তান আর্মি এভিয়েশনের একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় হেলিকপ্টারের সকল আরোহী নিহত হয়েছেন। তবে ঠিক কতজন নিহত হয়েছেন, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উড্ডয়নের সময় কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু করেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মুজাফফারাবাদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় সরকার একটি প্রতিবাদী গোষ্ঠীকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করার পর বিক্ষোভের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়।
হেলিকপ্টার দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে পাকিস্তান সেনাবাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।