১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউরোপ

সম্পূর্ণ বিনামূল্যে গণপরিবহন সেবা পাবে পর্তুগালের পোর্তো শহরের বাসিন্দারা

সম্পূর্ণ বিনামূল্যে গণপরিবহন সেবা পাবে পর্তুগালের পোর্তো শহরের বাসিন্দারা

যানজট কমানো, পরিবেশ দূষণ হ্রাস এবং নাগরিকদের যাতায়াত খরচ বাঁচাতে নতুন উদ্যোগ নিয়েছে পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর পোর্তো। এখন থেকে শহরটির নিবন্ধিত বাসিন্দারা পুরো পোর্তো মেট্রোপলিটন এলাকার গণপরিবহনে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।

গত শুক্রবার থেকে এই সুবিধা কার্যকর হয়েছে। পোর্তো সিটি কাউন্সিলের অর্থায়নে চালু হওয়া এ প্রকল্পে বছরে প্রায় ২০ থেকে ২৫ মিলিয়ন ইউরো ব্যয় হবে।

এই সুবিধার আওতায় পোর্তোর ‘আন্দান্তে’ (Andante) নেটওয়ার্কের সব ধরনের গণপরিবহন রয়েছে। এর মধ্যে রয়েছে পোর্তো মেট্রো, STCP ও Unir-এর বাস, সিপি শহরতলির ট্রেন, ঐতিহ্যবাহী ট্রাম এবং নদী পারাপারের ফেরি ও ওয়াটার ট্যাক্সি।

প্রথমে ২০২৬ সালের শেষ দিকে প্রকল্পটি চালুর পরিকল্পনা ছিল। তবে কারিগরি ও প্রশাসনিক কাজ দ্রুত শেষ হওয়ায় নির্ধারিত সময়ের আগেই এটি চালু করা হয়েছে।

এই সুবিধা পেতে হলে যাত্রীকে অবশ্যই পোর্তো পৌরসভার নিবন্ধিত বাসিন্দা হতে হবে। সুবিধাটি ‘কার্তাও পোর্তো’ (Porto Card)-এর সঙ্গে যুক্ত থাকবে।

যাদের ইতিমধ্যে এই কার্ড রয়েছে, তারা নিকটস্থ ‘আন্দান্তে শপ’ বা পে-শপে গিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই বিনামূল্যের পাস সক্রিয় করতে পারবেন। আর যাদের কার্ড নেই, তারা অনলাইনে বা পৌরসভার বাসিন্দা কার্যালয়ের মাধ্যমে নতুন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এই কার্ড প্রতি বছর নবায়ন করতে হবে।

তবে ২৩ বছর পর্যন্ত যেসব তরুণ ইতিমধ্যে জাতীয় যুব কর্মসূচির আওতায় বিনামূল্যে গণপরিবহন ব্যবহার করছেন, তাদের নতুন করে কিছু করতে হবে না।

এই সুবিধা শুধুমাত্র পোর্তো শহরের স্থায়ী বাসিন্দাদের জন্য প্রযোজ্য। পর্যটক, দর্শনার্থী এবং পোর্তো মেট্রোপলিটন এলাকার অন্য ১৬টি পৌরসভার বাসিন্দাদের আগের মতোই টিকিট কেটে ভ্রমণ করতে হবে।

Home R3