৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পর্তুগালের নাগরিকত্ব এখন আরও কঠিন; পাস হলো বিতর্কিত আইন

পর্তুগালের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে নতুন নাগরিকত্ব আইন অনুমোদন করেছে। এতে ১০ বছরে পর্তুগালের বিতর্কিত নাগরিকত্ব আইনের অনুমোদন করা হয়েছে।

প্রায় নয় মাসের আইন প্রণয়ন প্রক্রিয়া শেষে বুধবার (১ এপ্রিল) পার্লামেন্টে পিএসডি ও শেগা দলের সমঝোতার মাধ্যমে ১৫২–৬৪ ভোটে সংশোধিত নাগরিকত্ব আইন অনুমোদন হয়।

নতুন আইনে নাগরিকত্ব আবেদনের সময়সীমা রেসিডেন্স পারমিট ইস্যু থেকে সময় গণনা করার বিধান রাখা হয়েছে। ফলে পর্তুগালে বসবাসের প্রথম রেসিডেন্স পারমিট কার্ড ইস্যু হওয়ার পর থেকে নাগরিকত্ব আবেদন জমা দেওয়ার তারিখ নির্ধারিত হবে। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত হলে নাগরিকত্ব বাতিলের বিধানও যুক্ত করা হয়েছে।

এ আইনে কোনো ট্রানজিশনাল (অন্তর্বর্তীকালীন) সুরক্ষা রাখা হয়নি; ফলে পিএস-ঘনিষ্ঠ বর্তমান প্রেসিডেন্ট আইনটিতে ভেটো দিতে পারেন বা বিলটি স্থগিত করতে পারেন বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ মনে করছেন।

মূল পরিবর্তনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—পর্তুগিজ ভাষাভাষী দেশ ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের নাগরিকদের জন্য নাগরিকত্বের যোগ্যতার সময়সীমা বাড়িয়ে ৭ বছর করা হয়েছে আর অন্যান্য দেশের নাগরিকদের জন্য এই সময়সীমা ১০ বছর নির্ধারণ করা হয়েছে;

অনুমোদনের পরপরই এটিকে চরম, কঠিন ও কঠোর আইন হিসেবে বিশেষজ্ঞরা সমালোচনা করছেন।

তবে রাষ্ট্রপতি চূড়ান্ত অনুমোদনের পরই এটি বাস্তবায়ন হবে। এর আগে দুই দফা রাষ্ট্রপতির অনুমোদন না পাওয়ায় এটি সাংবিধানিক আদালতে যায়। সাংবিধানিক আদালতও এ ধারা বাতিল করে দেয়।