২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউরোপ

পর্তুগালে নাগরিকত্ব আইন নিয়ে রাজনৈতিক টানাপোড়েন; পিএসডির সাথে চুক্তি নাকচ করলেন ভেনচুরা

পর্তুগালে নাগরিকত্ব আইন নিয়ে রাজনৈতিক টানাপোড়েন; পিএসডির সাথে চুক্তি নাকচ করলেন ভেনচুরা

পর্তুগালের নাগরিকত্ব আইন সংশোধনকে কেন্দ্র করে দেশটির রাজনীতিতে নতুন করে উত্তেজনা ও অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ডানপন্থী দল শেগা-এর নেতা আন্দ্রে ভেনচুরা ক্ষমতাসীন দল সোস্যাল ডেমোক্র্যাট পার্টি (পিএসডি)-এর সঙ্গে প্রস্তাবিত সমঝোতা সরাসরি নাকচ করে দিয়েছেন।

গত সোমবার (৩০ মার্চ) এক সংবাদ সম্মেলনে ভেনচুরা অভিযোগ করেন, সরকার সমাজতন্ত্রীদের সন্তুষ্ট করতে গিয়ে নিজেদের নীতিগত অবস্থান থেকে সরে আসছে।

তিনি স্পষ্ট ভাষায় বলেন, “যারা পর্তুগিজ নাগরিকত্ব পাওয়ার পর গুরুতর অপরাধে জড়িত হয়, তাদের নাগরিকত্ব বাতিলের মূল নীতি থেকে শেগা কোনোভাবেই সরে আসবে না।”

নতুন প্রস্তাবিত আইনে পিএসডি বলেছিল, শুধুমাত্র ৬ বছরের বেশি কারাদণ্ডযোগ্য অপরাধের ক্ষেত্রে নাগরিকত্ব বাতিল করা হবে এবং ১৫ থেকে ২৫ বছর পর তা পুনরুদ্ধারের সুযোগ থাকবে। তবে এই শর্তকে অতিরিক্ত নমনীয় বলে প্রত্যাখ্যান করেছেন ভেনচুরা।

তিনি আরও দাবি করেন, যাদের পর্তুগিজ ভাষা বা সংস্কৃতি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান নেই, তাদের নাগরিকত্ব দেওয়া উচিত নয়। পাশাপাশি অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব না দেওয়া এবং নাগরিকত্ব পাওয়ার পর রাষ্ট্রের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ওপর নির্ভরশীল না থাকার শর্ত নিশ্চিত করার কথাও জোর দিয়ে তুলে ধরেন তিনি।

উল্লেখযোগ্যভাবে, ২০২৫ সালের ১৫ ডিসেম্বর Constitutional Court of Portugal নাগরিকত্ব আইনের কয়েকটি ধারা অসাংবিধানিক ঘোষণা করে। এর পরপরই প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সোসা আইনটিতে ভেটো দেন।

বর্তমানে সেই আইনি ত্রুটিগুলো সংশোধনের জন্য সংসদে পর্যালোচনার উদ্যোগ নেওয়া হলেও, ডানপন্থী দলগুলোর মধ্যে ঐকমত্যের অভাবে নতুন আইন পাস অনিশ্চিত হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে ভেনচুরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার সমাজতন্ত্রীদের চেয়েও বেশি সমাজতন্ত্রী হওয়ার চেষ্টা করছে, যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে।