পবিত্র মাহে রমজান উপলক্ষে পর্তুগালে বসবাসরত সিলেটি প্রবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন ইন পর্তুগালের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) পর্তুগালের রাজধানী লিসবনের মার্তিম মনিজ এলাকায় এ আয়োজন করা হয়।
আধ্যাত্মিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনার দায়িত্ব পালন করেন সানি সুমন ও কাউসার আহমদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সম্মানিত কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব অলিউর রহমান চৌধুরী এবং বাংলাদেশ কমিটির ব্যক্তিত্ব রানা তসলিম উদ্দিন।
এ সময় জালালাবাদ অ্যাসোসিয়েশন ইন পর্তুগালের নেতৃবৃন্দ, কমিটির সদস্যবৃন্দ এবং পর্তুগালে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। বক্তারা বলেন, প্রবাসে বসবাস করলেও নিজেদের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এসব আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে আরও সুদৃঢ় করে।
আন্তরিকতা, সৌহার্দ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।